মাধবপুরে গোল্ডকাপ ফুটবলে বালিকা ও বালক চ্যাম্পিয়ন ঘোষণা
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টায় এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল।
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত থাকতে হবে। বর্তমান সরকার প্রতিটি ইউনিয়নে একটি করে নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যা নতুন প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম এবং সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
ফাইনাল খেলায় বালিকা বিভাগে আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে টাইব্রেকারে সাডেন ডেথে হারিয়ে ধর্মঘর ইউনিয়নের সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে বালক বিভাগে আদাঐর ইউনিয়নের মৌজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৭-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।