Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি জাতীয় রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

বগুড়ায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন, দিনভর কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

২১ এপ্রিল ২০২৬ • ০৪:১১ অপরাহ্ন

বগুড়া:

বিচারপ্রক্রিয়া সহজীকরণ এবং ডিজিটাল সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে বগুড়াসহ দেশের সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে বগুড়া আদালত চত্বরে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়।


এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে তিনি সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। পরে সেখান থেকে পায়ে হেঁটে আদালত প্রাঙ্গণে এসে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। একই সময়ে তিনি বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন।


সংশ্লিষ্টরা জানান, ই-বেইলবন্ড চালুর ফলে জামিন প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ হবে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আদালত সংশ্লিষ্ট কার্যক্রমে সময় ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা এবং সংশ্লিষ্ট ফলক উন্মোচনের কথা রয়েছে।


দিনের দ্বিতীয়ার্ধে তিনি গাবতলী উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে খাল খনন কার্যক্রম, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান কর্মসূচির সূচনা।


এছাড়া সফরসূচির অংশ হিসেবে তিনি তার পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন এবং বিকেলে শহরে ফিরে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। বিকেল ৪টায় জেলা বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।


প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বগুড়া জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান করছেন, তাকে একনজর দেখার জন্য অপেক্ষা করছেন। স্থানীয় প্রশাসনও সফরকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

বিজ্ঞাপন channeljaintanews24.com