ঢাকায় বিমান ও পর্যটন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি-এর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ (Dr. Rudiger Lotz)।
আজ সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপিও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মানির সহযোগিতা কামনা করা হয়।
এ সময় জার্মান রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। তিনি বাংলাদেশে Airport Calibration Service প্রদানে জার্মান কোম্পানি Aerodata-এর আগ্রহের কথাও উল্লেখ করেন।
জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।