Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি প্রেস বিজ্ঞপ্তি রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু কাল, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার—সিসিক প্রশাসক

১৯ এপ্রিল ২০২৬ • ১১:৩৬ অপরাহ্ন


নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষায় সরকার নানা উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবে আগামীকাল থেকে সিলেটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে।


রবিবার দুপুরে নগরভবনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক ও ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


সিসিক প্রশাসক জানান, সীমিত জনবল থাকা সত্ত্বেও অতিরিক্ত জনবল ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে ক্যাম্পেইন সফল করা হবে। তিনি আরও জানান, সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সিলেট নগরের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।


ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের পাশাপাশি ধর্মীয় নেতাদেরও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। জুমার খুতবা ও ধর্মীয় উপদেশের মাধ্যমে জনগণকে টিকাদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।


সভায় জানানো হয়, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৬৮ হাজার ৫৪০ শিশুকে এক ডোজ করে এমআর (হাম-রুবেলা) টিকা প্রদান করা হবে।


সভায় বক্তব্য দেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. ফজলুল কাদের এবং ইউনিসেফের ডা. নভজ্যোতি দে। সভায় সাংবাদিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com