ক্যারিয়ার হাব (পাওয়ার্ড বাই ব্র্যাক) উদ্যোগে সিলেটে “এমপ্লয়ার্স মিট-আপ সেশন” অনুষ্ঠিত
তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কাজ করা প্ল্যাটফর্ম ক্যারিয়ার হাব (পাওয়ার্ড বাই ব্র্যাক) এর উদ্যোগে “এমপ্লয়ার্স মিট-আপ সেশন” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় সিলেট নগরীর সাপ্লাইরোডস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আরশি হোর। স্বাগত বক্তব্য প্রদান করেন মো. সারওয়ার উদ্দিন। এরপর ক্যারিয়ার হাবের কার্যক্রম ও লক্ষ্য নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন রেহানা বেগম।
অনুষ্ঠানে আবুল খায়ের গ্রুপ, ছুটি গ্রুপ, ইউসেপ, ব্র্যাক ব্যাংক, আড়ংসহ সিলেটের ১৮টিরও বেশি স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সফলতার গল্প শেয়ারিং পর্ব, যেখানে ক্যারিয়ার হাবের সেবা গ্রহণকারী অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। পরবর্তীতে বর্ষা রায়ের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে নিয়োগদাতারা মতামত ও পরামর্শ দেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন মো. সারওয়ার উদ্দিন। পরে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান, গ্রুপ ফটোসেশন এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বক্তারা বলেন, দেশে অনেক শিক্ষার্থী যোগ্যতা অনুযায়ী চাকরি না পেলেও আবার প্রতিষ্ঠানগুলোও চাহিদামতো দক্ষ জনবল পাচ্ছে না। এই ব্যবধান কমাতে ক্যারিয়ার হাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বেকারত্ব হ্রাস ও দক্ষ মানবসম্পদ গঠনে কার্যকর অবদান রাখবে।