বিশ্ব কণ্ঠ দিবসে সিলেটে বর্ণাঢ্য র্যালী ও সচেতনতামূলক আলোচনা সভা
বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক-কান-গলা ও হেড-নেক বিশেষজ্ঞ লেজার সার্জন ডা. নূরুল হুদা নাঈম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এনজেএল ইএনটি সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ও এনজেএল ফাউন্ডেশনের সদস্য সচিব এডভোকেট রেজাউল করিম তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. রুবেল আহমেদ, ভয়েস অব সিলেটের সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, এলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইউএসএ)-এর পরামর্শদাতা রিফাত আরা রিফা এবং ডা. মাজেদুর রহমান। এসময় এনজেএল-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. নূরুল হুদা নাঈম বলেন, কণ্ঠ আমাদের অনুভূতির অন্যতম প্রধান মাধ্যম। এর সঠিক যত্ন, পরিচর্যা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে কণ্ঠস্বরের সুস্থতা বজায় রাখা সম্ভব। তিনি আরও বলেন, কণ্ঠস্বর মহান আল্লাহর একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, তাই এর যথাযথ যত্ন নেওয়া প্রয়োজন।
তিনি কণ্ঠস্বরের সমস্যার বিষয়ে সতর্ক করে বলেন, কোনো ধরনের কণ্ঠ সমস্যা দুই সপ্তাহের বেশি স্থায়ী হলে তা অবহেলা না করে দ্রুত একজন ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। সচেতনতা বৃদ্ধি এবং সঠিক অভ্যাস গড়ে তুললেই কণ্ঠস্বর সুস্থ রাখা সম্ভব।
অনুষ্ঠান শেষে কণ্ঠস্বরের সঠিক ব্যবহার ও যত্ন সম্পর্কে উপস্থিতদের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।