Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি সিলেট রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে স্মারকলিপি প্রদান

১৯ এপ্রিল ২০২৬ • ০৬:৩৪ অপরাহ্ন

সিলেটে চলমান বিদ্যুৎ সংকট নিরসন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলা শাখার পক্ষ থেকে আজ ১৯ এপ্রিল ২০২৬, রবিবার দুপুরে এক স্মারকলিপি প্রদান করা হয়েছে।


উক্ত স্মারকলিপিটি সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর প্রেরণ করা হয়।


স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে সিলেটে বিদ্যুৎ সরবরাহে অনিয়ম, ঘনঘন লোডশেডিং এবং ভোল্টেজ সমস্যার কারণে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। বিদ্যুতের এই অনিশ্চয়তার কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দোকান পরিচালনা করাও কঠিন হয়ে পড়ছে।


এ সময় উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সিলেট একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল হওয়া সত্ত্বেও এখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হওয়ায় ব্যবসায়ী সমাজ চরম দুর্ভোগে পড়েছে। তারা অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধান এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


স্মারকলিপি প্রদানকালে সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সবাই একমত পোষণ করে বলেন, বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান না হলে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসবে এবং এর প্রভাব সামগ্রিক অর্থনীতিতেও পড়বে।


ব্যবসায়ী নেতারা আরও বলেন, বিদ্যুৎ খাতের উন্নয়নে কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সিলেটের ব্যবসায়িক পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। একইসঙ্গে তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।


বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের উচ্চপর্যায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং সিলেটের ব্যবসায়ীদের দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটবে।

বিজ্ঞাপন channeljaintanews24.com