Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
লিংক channeljaintanews24.com ক্যাটাগরি মৌলভীবাজার রিপোর্ট চ্যানেল জৈন্তা নিউজ

শ্রীমঙ্গলে শত বছরের বসতভিটা বিক্রির অভিযোগ, উচ্ছেদের শঙ্কায় হিন্দু পরিবার

১১ এপ্রিল ২০২৬ • ১২:০২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় শত বছরের পুরোনো বসতভিটা প্রতারণার মাধ্যমে বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক হিন্দু পরিবার। শুক্রবার সকালে উপজেলার ভূনবীর ইউনিয়নের পাত্রীকুল গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাবুল দাশ।


লিখিত বক্তব্যে বাবুল দাশ জানান, প্রায় একশ’ বছর আগে তার বাবা মৃত রুক্ষিনী দাশ স্থানীয় সত্যেন্দ্র কুমার ভট্টাচার্যের কাছ থেকে পাত্রীকুল মৌজার আরএস ৫৭৮, ৫৭৭ ও ৫৭৫ নম্বর দাগে ৪২ শতক জমি ক্রয় করেন। সে জমিতে বসতঘর নির্মাণ করে তারা দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করে আসছেন। সে সময় জমি রেজিস্ট্রির প্রচলন না থাকায় মৌখিক চুক্তির মাধ্যমে ক্রয় করা হলেও পরবর্তীতে দলিল করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বিক্রেতা। তবে তার মৃত্যুর কারণে তা আর সম্পন্ন হয়নি। পরে জমিটি শত্রু সম্পত্তি হিসেবে ডিসি খতিয়ানে অন্তর্ভুক্ত হয়।


তিনি অভিযোগ করেন, সত্যেন্দ্র কুমারের ছেলে শুকুমার ভট্টাচার্য ওরফে হিরক ভট অর্পিত সম্পত্তি থেকে জমি অবমুক্ত করে তাদের নামে রেজিস্ট্রি করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে মামলা পরিচালনার খরচ বাবদ তার কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা নেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি জমি রেজিস্ট্রি না করে টালবাহানা করেন।


বাবুল দাশ আরও জানান, সম্প্রতি শুকুমার ভট্টাচার্য গোপনে ওই জমিসহ মোট ২৭ কেয়ার জমি হবিগঞ্জের রিচি এলাকার তাজুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। গত বছরের ৫ অক্টোবর তাজুল ইসলাম লোকজন নিয়ে তাদের বাড়িতে এসে জমি নিজের নামে কেনার দাবি করলে বিষয়টি তাদের সামনে আসে।


এ ঘটনায় স্থানীয় মুরুব্বি ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান তিনি। বৈঠকে গ্রামের প্রবীণরা স্বীকার করেন, বাবুল দাশের পরিবার দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছে। তবে অভিযোগ রয়েছে, ক্রেতা তাজুল ইসলাম বিষয়টি উপেক্ষা করে উল্টো তাদের হুমকি-ধমকি দিচ্ছেন।


সংবাদ সম্মেলনে বাবুল দাশ দাবি করেন, তাকে ও তার পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে। তার একমাত্র ছেলেকে গুম ও প্রাণনাশের ভয় দেখানো হচ্ছে। এমনকি চলাচলের পথ ও পানির উৎস ব্যবহারে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


তিনি বলেন, “এই জমিই আমাদের একমাত্র সম্বল। প্রতারণার মাধ্যমে আমার বসতভিটা অন্যের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এখন আমাদের উচ্ছেদের ষড়যন্ত্র চলছে।”


এ বিষয়ে অভিযুক্ত শুকুমার ভট্টাচার্যের মেয়ে নিবেদিতা ভট্টাচার্য সুমি তার বাবার মুঠোফোনে জানান, তার বাবা অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাইলে তিনি প্রশ্ন তোলেন, অভিযোগকারীরা কোনো লিখিত দলিল দেখাতে পেরেছেন কি না। এ সময় তিনি জানান, তারাও এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।


ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বাবুল দাশ। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন channeljaintanews24.com