সিলেটে শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা জব্দ
সিলেট মহানগরীর শাহপরাণ (রহঃ) থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৮০ বস্তায়, আনুমানিক ১৪,৩১,০০০/- (চৌদ্দ লক্ষ একত্রিশ হাজার) টাকা মূল্যের, ২৩৮৫ কেজি ভারতীয় অবৈধ জিরাসহ একটি মিনি হাইড্রোলিক ড্রাম ট্রাক আটক করা হয়েছে।
**২৭ মার্চ এসআই (নিঃ) খোরশেদ আলম মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালানো হয়। শাহপরাণ (রহঃ) থানাধীন জালালাবাদ সেনানিবাসের প্রজাপতি গেইটের সামনে অবস্থানকালে পুলিশ সদস্যরা একটি মিনি হাইড্রোলিক ড্রাম ট্রাককে মুরাদপুরের দিকে দ্রুতগতিতে যেতে দেখে। সঙ্গে সঙ্গে ফোর্সসহ ট্রাকটির পিছু ধাওয়া করেন তারা।
আনুমানিক রাত ৯:৩০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুরস্থ হাইফা বাজারের সামনে পাকা রাস্তায় নীল ও হলুদ রঙের মিনি হাইড্রোলিক ড্রাম ট্রাকটি (রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ড-১১-৮৭৫১) আটক করা হয়। অভিযানের সময় ট্রাকে থাকা অজ্ঞাতনামা ড্রাইভার ট্রাকটি রাস্তায় ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যান।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ট্রাক থেকে **K.S GOLD Jeera No.1 Quality** লেখা সম্বলিত **৮০ বস্তা** ভারতীয় অবৈধ জিরা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় **মামলা নং-৩৪**, তারিখ **২৮/০৩/২০২৬** খ্রিঃ দায়ের করা হয়েছে। মামলায় **The Special Powers Act, 1974** এর **২৫B(১)(b)/২৫D** ধারা রুজু করা হয়। পলাতক ড্রাইভারকে গ্রেফতারে পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, চোরাচালান রোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।