সিলেটের আরিফুল হকের নতুন ঠিকানা এখন গুলশানে
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য সরকারি বাসা বরাদ্দের কাজ শেষ করেছে। এর মধ্যে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে গুলশানের সরকারি বাংলোতে বাসা বরাদ্দ দেওয়া হয়েছে।
সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, সংশ্লিষ্টদের শিগগিরই আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। সরকারি আবাসন পরিদপ্তরের কর্মকর্তারা বলেন, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসায় উঠতে কিছুটা সময় লাগবে, কারণ কিছু সংস্কার কাজ এখনও বাকি রয়েছে। আশা করা হচ্ছে, ঈদুল ফিতরের পর তারা সরকারি বাসায় উঠতে পারবেন।
বাংলো বরাদ্দ প্রসঙ্গে সরকারি আবাসন সূত্র জানিয়েছে, গুলশানসহ হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলি রোডে নতুন মন্ত্রিপাড়ায় মন্ত্রীরা বসবাস করবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে অন্যান্য মন্ত্রীদেরও গুলশান, ধানমন্ডি ও হেয়ার রোডের সরকারি বাংলো বরাদ্দ দেওয়া হয়েছে।
এই বরাদ্দের মধ্য দিয়ে আরিফুল হক চৌধুরী এখন সরকারি বাসভবনে বসবাস শুরু করবেন এবং দায়িত্ব পালনকালে রাজধানীতে তার থাকার সুবিধা নিশ্চিত হবে।