Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
channeljaintanews24.com
বুধবার, ১৪ মে ২০২৫ | ০৬:০৯ পূর্বাহ্ন
channeljaintanews24@gmail.com

বড়লেখা সীমান্তে পুশ-ইন আরও ৪৪ জনকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর 

WP Import
🕒 বুধবার, ১৪ মে ২০২৫ | ০৬:০৯ পূর্বাহ্ন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত পাল্লাতল এলাকা দিয়ে নারী ও শিশুসহ বিএসএফের পুশ-ইন হওয়া আরও ৪৪ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। বুধবার (১৪ মে) সন্ধ্যা ৭ টায় তাদের হস্তান্তর করা হয়।

 

এর আগে ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর পাল্লাতল সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ঠেলে পাঠায়। এসময় বিজিবি তাদের আটক করে শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ কয়েকঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে নিশ্চিত হয় আটককৃতরা বাংলাদেশি নাগরিক।

 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর পাল্লাতল সীমান্ত এলাকা দিয়ে বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ৪৪ জনকে ঠেলে পাঠায়। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে বিষয়টি বিজিবিকে জানান। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১৩ জন পুরুষ , ১৮ জন মহিলা ও ১৩ শিশু রয়েছে। আটককৃতরা জানিয়েছেন, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে। তারা জানান, সীমান্তের ওপারে আরও মানুষকে আটক করে রেখেছে বিএসএফ। তাদেরও অবৈধভাবে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে তারা।

 

উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, আজ ভোরে আরও ৪৪ জনকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়েছে। স্থানীয়ভাবে খবর পেয়ে বিজিবি তাদের আটক করেছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক।

 

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা বাংলাদেশি। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, বুধবার সন্ধ্যা ৭ টায় বিজিবি আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।

 

উল্লেখ্য, গত ৬ ও ৭ মে প্রায় শতাধিক মানুষকে বিএসএফ ঠেলে পাঠালেও বিজিবি ৫৯ জনকে আটক করে। বিজিবি তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বড়লেখা থানা পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। এরপর পুশ-ইন ঠেকাতে বড়লেখা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিজিবি। কিন্তু বিজিবির চোখ ফাঁকি দিয়ে ফের অবৈধভাবে ৪৪ জনকে ঠেলে পাঠালো বিএসএফ।

channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৪.০৫.২০২৫
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
channeljaintanews24.com